রংপুর প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মুখোমুখি অবস্থান ও সংঘর্ষের ঘটনার জেরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বেরোবি প্রক্টর অফিসের আবেদনের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় এই নির্দেশনা জারি করে প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত তাজহাট থানার অফিসার ইনচার্জ বরাবর পাঠানো এক চিঠি সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট (সোমবার) ক্যাম্পাসে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন গুরুতর আহতসহ মোট ২০ জন শিক্ষার্থী আহত হন। আহত শিক্ষার্থীরা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিঠিতে আরও বলা হয়, সংঘর্ষের জের ধরে আজ ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে দুই পক্ষই একই সময়ে ও একই স্থানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আহ্বান করে। এতে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়া ও ফের সংঘাতের আশঙ্কা তৈরি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস প্রাঙ্গণে ১৪৪ ধারা জারিসহ সার্বিক পুলিশি সহযোগিতার অনুরোধ জানায়। সেই আবেদনের প্রেক্ষিতে পুলিশ ও স্থানীয় প্রশাসন ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
