বাংলাদেশের অটোমোবাইল খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে অংশীদারত্বে যুক্ত হয়েছে র্যানকন গ্রুপ ও পাকিস্তানের ডেওয়ান মোটরস। এ অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের বাজারে নতুন মডেলের যানবাহন যুক্ত হবে, বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং ক্রেতারা প্রতিযোগিতামূলক দামে আরও বেশি বিকল্পের সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সহযোগিতার ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে। একই সঙ্গে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ ও বিনিয়োগ সহযোগিতার ক্ষেত্রও সম্প্রসারিত হবে।
সমঝোতা স্মারক (এমওইউ) সই অনুষ্ঠানে র্যানকন গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রশীদ ভূঁইয়া বলেন, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের অটোমোবাইল খাতে স্বাস্থ্যকর প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে। পাশাপাশি পাকিস্তানে উৎপাদিত উচ্চমানের যানবাহন বাংলাদেশের ভোক্তাদের কাছে পৌঁছানোর সুযোগ সৃষ্টি হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর শিল্প ও উৎপাদনবিষয়ক বিশেষ সহকারী হারুন আখতার খান এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অংশীদারত্ব বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে। পাশাপাশি দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি প্রতিনিধি এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন
