রংপুর প্রতিনিধি:
দীর্ঘদিনের পথচলার ইতি টেনে বন্ধ হয়ে গেল রংপুর নগরীর ঐতিহ্যবাহী শাপলা সিনেমা হল। একসময় দর্শকদের পদচারণায় মুখর থাকা এই প্রেক্ষাগৃহ এখন শুধুই স্মৃতি।
১৯৭৮ সালে নগরীর তেঁতুলতলা, বর্তমান শাপলা চত্বর এলাকায় ‘শাপলা টকিজ’ নামে যাত্রা শুরু করে সিনেমা হলটি। সে সময় রংপুরের অন্যতম জনপ্রিয় প্রেক্ষাগৃহ হিসেবে পরিচিতি পেয়েছিল এটি। রংপুরের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকার দর্শকরাও সিনেমা দেখতে এখানে আসতেন।
তবে সময়ের সঙ্গে সিনেমা হলের দর্শক কমে যাওয়া, চলচ্চিত্র প্রদর্শনে সংকট এবং বিনোদনের বিকল্প মাধ্যমের বিস্তারের কারণে ধীরে ধীরে এর জৌলুস কমতে থাকে। ২০২২ সালে দীর্ঘদিন বন্ধ থাকার পর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমা দিয়ে আবারও হলটি চালু হয়েছিল।
সাম্প্রতিক বছরগুলোতে রংপুরের ঐতিহ্যবাহী সিনেমা হলগুলোর অধিকাংশই বন্ধ হয়ে গেছে। ২০২৪ সালের এক প্রতিবেদনে বলা হয়, একসময় নগরীতে ১২টি সিনেমা হল সচল থাকলেও তখন চালু ছিল মাত্র দুটি।
শাপলা সিনেমা হলের বন্ধ হয়ে যাওয়ার খবরে রংপুরের চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে নেমে এসেছে আক্ষেপ। তাদের মতে, একটি সিনেমা হল বন্ধ হওয়া মানে শুধু একটি বিনোদনকেন্দ্রের পর্দা নামা নয়; এর সঙ্গে হারিয়ে যায় একটি শহরের সাংস্কৃতিক স্মৃতি ও বহু মানুষের আবেগ।
রংপুরের সিনেমাপ্রেমীদের কাছে শাপলা সিনেমা হল তাই এখন থেকে একটি নাম নয়, বরং স্মৃতির পাতায় থাকা এক অধ্যায়
