বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি সম্প্রতি দক্ষিণী সুপারস্টার যশ–এর সঙ্গে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’-এ অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন। ছবিটিতে বেশ কিছু ঘনিষ্ঠ ও সাহসী দৃশ্যে অভিনয় করায় সামাজিক যোগাযোগমাধ্যমে একশ্রেণির নেটিজেনের সমালোচনার মুখে পড়েছেন তিনি। অনেকের দাবি, মা হওয়ার পর এমন চরিত্রে অভিনয় করা তার জন্য সমীচীন হয়নি।
তবে এসব সমালোচনার জবাব দিয়েছেন কিয়ারা নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ছবিটির গল্প এবং নিজের চরিত্রের গভীরতাই তাকে এই প্রজেক্টে যুক্ত হতে অনুপ্রাণিত করেছে।
কিয়ারা বলেন, “গল্পটা প্রথম যখন শুনি, তখনই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার চরিত্রটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে এমন চরিত্রই তো সব সময় খুঁজি। আমার মনে হয়েছিল, ক্যারিয়ারের এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে এমন কঠিন একটি চরিত্র করার আত্মবিশ্বাস এসেছে।”
যদিও সিনেমাটিতে কিয়ারার চরিত্র সম্পর্কে নির্মাতারা এখনো বিস্তারিত কিছু জানাননি, তবে জানা গেছে তিনি ‘নাদিয়া’ চরিত্রে অভিনয় করছেন। ছবিতে তার সাহসী উপস্থিতি ইতোমধ্যেই দর্শক ও অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
নারী চরিত্রের প্রচলিত উপস্থাপন নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন কিয়ারা। তিনি বলেন, “আমি চাই না, নারীদের এক ধরনের চরিত্রে আটকে রাখা হোক। আমরা তার চেয়ে অনেকটা এগিয়ে। তাহলে পর্দার চরিত্রও কেন তেমন হবে না?” তার মতে, চলচ্চিত্রে নারী চরিত্রগুলো আরও শক্তিশালী, স্বতন্ত্র এবং বাস্তবসম্মতভাবে তুলে ধরা উচিত, আর ‘টক্সিক’-এ তিনি ঠিক এমনই একটি চরিত্রে অভিনয় করেছেন।
উল্লেখ্য, ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ ছবির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন যশ ও পরিচালক গীতু মোহনদাস। ছবিটি পরিচালনাও করছেন গীতু মোহনদাস। প্রযোজনা সূত্রে জানা গেছে, সিনেমাটি ইংরেজি ও কন্নড় ভাষায় একসঙ্গে শুট করা হয়েছে। পরে এটি হিন্দি, তেলুগু, তামিল, মালয়ালমসহ একাধিক ভাষায় বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে
