সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির দাবি, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ মামলায় জাল নথি প্রস্তুত ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার ঘটনায় তিনি জড়িত ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৫ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সৈয়দ জগলুল পাশা কক্সবাজার থেকে বিমানযোগে ঢাকায় ফিরছেন। পরে বিমানবন্দর এলাকায় নজরদারি চালিয়ে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সৈয়দ জগলুল পাশা রাজধানীর গুলশান থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ‘ঈগল হান্ট’ সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি।

এছাড়া ২০১৩ সালে রাজধানীর বনানীতে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় দায়ের করা একটি মামলার সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে ডিবি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সৈয়দ জগলুল পাশার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *