ধোপাডাঙ্গা প্রতিনিধি:

মাদকমুক্ত সমাজ গঠন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বাজারের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের চৌধুরী বাজারে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“মাদককে না বলি, সামাজিক প্রতিরোধ গড়ে তুলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সমাবেশে মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং স্থানীয়ভাবে মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি চৌধুরী বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সমারোহ বৃদ্ধি, বাজার ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়ন নিয়েও আলোচনা করা হয়।

চৌধুরী বাজার উন্নয়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মো. মাজেদুর রহমান, এমপি-২৯, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন

এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়; এর জন্য পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সমাবেশে চৌধুরী বাজারের উন্নয়ন নিয়েও বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বাজারের পরিবেশ সুন্দর রাখা, ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করা এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি সুশৃঙ্খল ও নিরাপদ বাজার ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

আয়োজক চৌধুরী বাজার উন্নয়ন কমিটির পক্ষ থেকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করার পাশাপাশি বাজারের উন্নয়নে স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

সুধী সমাবেশ ও আলোচনা সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকবিরোধী কার্যক্রমকে এগিয়ে নেওয়া এবং চৌধুরী বাজারের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *