অবশেষে ঘোষণা করা হলো পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী সময়সূচি বা তফসিল। নতুন ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে দেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। সেদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ আগস্ট পর্যন্ত তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। জমা পড়া এসব মনোনয়নপত্র যাছাই-বাছাই করা হবে ১৬ আগস্ট।
কোনো প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক না হলে কিংবা প্রার্থিতা তুলে নিতে চাইলে আগামী ১৮ আগস্ট তারিখের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। প্রত্যাহার প্রক্রিয়া শেষে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণের মাধ্যমে চূড়ান্ত করা হবে দেশের নতুন রাষ্ট্রপ্রধান।
নির্বাচন কমিশন জানিয়েছে, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ করা হবে।
